সয়াবিন তেলে ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি

সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (১৬ মার্চ) বিকেলে এই প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পাম তেল আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হলো।
২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে গত মঙ্গলবার (১৫ মার্চ) আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে এনবিআর। তার আগে গত সোমবার (১৪ মার্চ) ভোক্তা ও উৎপাদন পর্যায়েও ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহার করে সংস্থাটি।
এর আগে ১০ মার্চ রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।



