ইসিকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, নতুন নির্বাচন কমিশনকে (ইসি) সাহসিকতার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় তিনি এ নির্দেশনা দেন।
প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর ও আনিসুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবির খন্দকার।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি আশা করেন, নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ইসির ভূমিকাই মুখ্য। দায়িত্ব পালনের সঙ্গে ক্ষমতা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য ক্ষমতার যথাযথ প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ বলে জানান আবদুল হামিদ।
প্রেস সচিব জানান, সাক্ষাতকালে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।



