বিশ্ব

লিবিয়ার বন্যায় ৫ হাজার মৃত্যুর শঙ্কা, নিখোঁজ ১০ হাজার

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে দুটি বাঁধ ভেঙে গিয়ে প্রবল বন্যায় অন্তত ৫ হাজার মানুষ মারা গেছেন এবং ১০ হাজার নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ২৩০০ জনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ও কাতারভিত্তিক ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, বাঁধের পানির কারণে সৃষ্ট বন্যা হাজার হাজার মানুষকে সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে গেছে। সেই বন্যাটিকে অনেকে ‘সুনামির মতো’ আখ্যায়িত করেছেন। বন্যার পানির তোড়ে অনেক এলাকাই নিশ্চিহ্ন হয়ে গেছে। সমুদ্রের পানিতে যেসব মানুষ ভেসে গেছেন তাদের মরদেহ পানি থেকে উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দারনা শহরের অ্যাম্বুলেন্স সোসাইটি জানিয়েছে, শুধুমাত্র এ শহরটিতেই ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। সংস্থাটির মুখপাত্র ওসামা আলি বলেছেন, দারনার হাসপাতালগুলোর মর্গ মরদেহ দিয়ে ভরে উঠেছে। অনেক মরদেহে মর্গের বাইরে রাখা হয়েছে। লিবিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তব্রুকের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ১৪৫ জন মিশরীয় রয়েছেন।
লিবিয়ার পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই বন্যার পানিতে ডুবে বা ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৫ হাজার ৩০০ লোকের। পাশাপাশি আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় ১০ হাজার লোককে সমুদ্রের দিকে ভাসিয়ে নিয়ে গেছে।
পূর্ব লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওসমান আব্দুল জলিল লিবিয়ার আলমসার টিভিকে বলেছেন, গত দুই দিনে ১ হাজার জনেরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭০০ জনকে ইতোমধ্যে দাফন করা হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর দেরনাতে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড় ও বন্যা। আশপাশের পুরো এলাবা বন্যায় ভেসে গেছে।
এদিকে পূর্বাঞ্চলের শহরগুলোতে জারি করা হয়েছে কারফিউ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও দোকানপাট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল বেনগাজি, দেরনা ও আল-মার্জ। রাষ্ট্রীয় সব সংস্থাকে পূর্বাঞ্চলের বন্যা ও ক্ষয়ক্ষতি মোকাবিলার নির্দেশ দিয়েছে লিবিয়ার অন্তর্বতী সরকার। এদিকে, তিন দিনের শোক ঘোষণা ঘোষণা করেছে দেশটির পূর্বাঞ্চল-ভিত্তিক সরকার।
লিবিয়ায় জাতিসংঘের অফিস বলছে, ঘূর্ণিঝড়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। এ সময় জরুরি ত্রাণ সহায়তার দেয়ার আশ্বাসও দেওয়া হয়।
গত সপ্তাহে গ্রিসে আছড়ে পড়ার পর রোববার লিবিয়ায় আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল। এসময় ভারী বৃষ্টিতে দেশটির পূর্বাঞ্চলে দেখা দেয় ভয়াবহ বন্যা। প্লাবিত হয় রাজধানী ত্রিপোলিসহ উপকূলীয় শহরের রাস্তা-ঘাট ও বাড়িঘর। ভেঙে পড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। লিবিয়া বর্তমানে দুই ভাগে বিভক্ত। একপক্ষ পূর্ব দিকে, অন্যপক্ষ পশ্চিম দিকের অঞ্চলগুলো শাসন করছে। এ অবস্থায় উদ্ধার অভিযান কঠিন হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

Related Articles

Leave a Reply

Back to top button