ফাহাদ হত্যার ঘটনায় সাক্ষ্য দিয়েছে প্রত্যক্ষদর্শী বুয়েটের দুই শিক্ষার্থী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যামামলায় সাক্ষ্য দিয়েছেন দুজন প্রত্যক্ষদর্শী। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ আনসারলী ও এমএমই বিভাগের মোহাম্মদ গালিব।
এ নিয়ে মামলায় রাষ্ট্রপক্ষে ৬০ সাক্ষীর মধ্যে ২২ জনের জবানবন্দি গ্রহণ শেষ হলো। তবে জবানবন্দি শেষ হলেও সাক্ষী গালিবের জেরা শেষ হয়নি। আদালত তার অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য সোমবার (০৯ নভেম্বর) দিন ধার্য করেছেন।
গত ১৫ সেপ্টেম্বর আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জশিটভূক্ত ২৫ আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। এরপর ৫ অক্টোবর আবরারের বাবা বরকতউল্লাহর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য শুরু হয়।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ঘটনার পরদিন নিহতের বাবা বরকতউল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন।
গত বছর ১৩ নভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।



