রায়হান হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হানের স্বজনরা সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় তারা রায়হান হত্যা মামলার সর্বশেষ অবস্থা তুলে ধরেন। এ হত্যার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
সাক্ষাৎকালে রায়হানের চাচা মইনুল ইসলাম কুদ্দুস, ভগ্নিপতি মোফাজ্জেল আলী, মামাত ভাই শওকত আলী এবং রায়হানের আত্মীয় ও সিলেট মহানগরের কাউন্সিলর মোকলেস রহমান কামরান এবং ব্যারিস্টার ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী জাকির হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ রায়হান হত্যা মামলার প্রধান আসামী এস আই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।



