পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে, রায়ও কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং রায় যথাযথভাবে কার্যকর করা হবে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এখন অপেক্ষা রায় কার্যকরের। রায় কার্যকরের মধ্য দিয়ে নিহতের স্বজনরা ন্যায়বিচার পাবেন।
তিনি বলেন, আপনারা বিচারের জন্য যেভাবে ধৈর্য ধারণ করে আসছেন, এভাবে ধৈর্য ধারণ করবেন, আপনারা এ ঘটনার বিচার দেখতে পারবেন। বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে অনেক সময় লেগেছে। তারপরও আজ আমরা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আমাদের থেকে কালো দাগ মুছে গেছে। আমরা অবশেষে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি।
বিচারকার্যের দীর্ঘসূত্রিতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সব উপাদান সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এছাড়া সাক্ষী জোগাড় করতেও বেশ সময় লেগেছে। চাচ্ছিলাম এই ঘটনার সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার যেন হয়। বিচারকরা তাই করেছেন। আর যেই মামলার বিষয়টি চলমান রয়েছে, সেটা খুব শিগগিরই শেষ হবে। বিচার শেষ হওয়ার পরে আপিল করার একটি সুযোগ থাকে, সেটাও তারা করছেন। আমরা মনে করি, এই প্রক্রিয়া শেষ হলে তারা ন্যায়বিচার পাবেন।
এ সময় নিহতের স্বজনরা দ্রুত বিচারের রায় কার্যকর ও দিবসটি জাতীয় সেনা শহীদ দিবস ঘোষণার দাবি জানান।



