
➤ হঠাৎ আপনার শহরের আকাশটা সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠল। দালানকোঠা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আর ধেয়ে আসছে এক প্রলয়ঙ্কারী আগুনের কুণ্ডলী। নিজেকে রক্ষা করার জন্য আপনার হাতে সময় আছে মাত্র ১০ মিনিট! আ
কাশ থেকে তেজস্ক্রিয় ধূলিকণা ঝরে পড়ার আগেই নিজেকে রক্ষা করতে হবে। হ্যাঁ আপনি ঠিকেই ধরেছেন, আমি পারমাণবিক হামলার কথা বলছি। পরাশক্তিগুলোর শক্তি প্রদর্শনের লড়াইয়ে পৃথিবীর কোনো প্রান্তই আর সুরক্ষিত নেই। তাই তৃতীয় বিশ্বযুদ্ধের এই বাস্তব ঝুঁকির মুখে দাঁড়িয়ে আপনাকে জানতে হবে কিছু ‘লাইফ-সেভিং’ কৌশল, যা আপনাকে নিশ্চিত মৃত্যু থেকেও রক্ষা করতে পারে।
গোল্ডেন ১০ মিনিট:
বিস্ফোরণের ঠিক পর মুহূর্তেই আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করা মানেই নিশ্চিত মৃত্যু। মনে রাখবেন, তেজস্ক্রিয় কণা বা ‘ফল-আউট’ শুরু হতে আপনি ১০ থেকে ১৫ মিনিট সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনাকে খুঁজতে হবে একটি ‘কংক্রিট’ বা ইটের মজবুত ভবন।
➤➤ জীববিজ্ঞান গবেষণায় এআই মডেলের উন্মোচন
মাটির নিচের বেজমেন্ট বা ভবনের একদম মাঝখানের অংশ আপনার জন্য সবচেয়ে নিরাপদ। কোনোভাবেই জানালা বা বাইরের দেয়ালের কাছে থাকা যাবে না। মনে রাখবেন হিরোশিমার ইজো নমুরার কথা—যিনি বিস্ফোরণস্থল থেকে মাত্র ১৭০ মিটার দূরে থেকেও একটি ভবনের বেজমেন্টে থাকার কারণে ৮৪ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন।
বাইরে বা চলন্ত গাড়িতে থাকলে কী করবেন?
যদি হামলার সময় আপনি রাস্তায় থাকেন, তবে ভুলেও আগুনের গোলার দিকে তাকাবেন না—মুহূর্তেই আপনার চোখের কর্নিয়া পুড়ে ছাই হয়ে যেতে পারে। সাথে সাথে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ুন, দুই হাত দিয়ে মাথা ঢেকে রাখুন। আর যদি গাড়িতে থাকেন?

তবে কোনো সেতুর নিচে বা দুর্বল কাঠামোর পাশে থামবেন না। জানালার কাচ তুলে দিয়ে সিটের নিচে গুটিসুটি মেরে শুয়ে পড়ুন। অন্তত দুটি বড় ‘শকওয়েভ’ চলে না যাওয়া পর্যন্ত নড়াচড়া করবেন না। এরপর দ্রুত কোনো মজবুত ভবনের আশ্রয় খুঁজুন।
ডিকন্টামিনেশন
তেজস্ক্রিয়তা এক অদৃশ্য ঘাতক। যদি আপনি এর সংস্পর্শে চলে আসেন, তবে নিরাপদ আশ্রয়ে পৌঁছেই প্রথম কাজ হলো পরনের সব পোশাক খুলে ফেলা। শরীরের বাইরের স্তরের কাপড় সরিয়ে ফেললেই ৯০ শতাংশ তেজস্ক্রিয়তা দূর করা সম্ভব।
এরপর প্রচুর পানি ও সাবান দিয়ে শরীর ধুয়ে ফেলুন। একটা বিশেষ সতর্কতা—চুলে শ্যাম্পু করলেও ভুলেও ‘কন্ডিশনার’ ব্যবহার করবেন না! কারণ কন্ডিশনার তেজস্ক্রিয় কণাকে আপনার চুলের সাথে আঠার মতো আটকে ফেলবে।
সারভাইভাল কিট ও প্রাথমিক চিকিৎসা
বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তার মাত্রা প্রথম ২৪ ঘণ্টায় থাকে সর্বোচ্চ। পরিস্থিতি ভেদে আপনাকে হয়তো ঘরের ভেতরে এক মাসও থাকতে হতে পারে।
তাই আগেভাগেই একটি ‘সারভাইভাল কিট’ গুছিয়ে রাখুন। যাতে থাকবে বোতলজাত পানি, শুকনো খাবার, একটি এএম রেডিও এবং জরুরি ওষুধ। আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় হাইড্রোজেন পারক্সাইড বা সাইট্রিক অ্যাসিডের মতো কিছু কেমিক্যাল হাতের কাছে রাখা জীবনদায়ী হতে পারে।
➤➤ ৪৪ বছর ধরে কীভাবে বেঁচে আছে এই ঘুঘু পাখি?
আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে স্বাভাবিক মৃত্যুর আশা করাই দায়। তবুও মানুষের সহজাত প্রবৃত্তি হলো টিকে থাকা। বিজ্ঞানের এই মরণাস্ত্রের সামনে আপনার সচেতনতাই হতে পারে আপনার শেষ রক্ষা। আশা করি এই কৌশলগুলো আপনাদের কখনোই বাস্তবে ব্যবহার করতে হবে না। কিন্তু —প্রস্তুতিই হলো বেঁচে থাকার প্রথম ধাপ।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ৩০ এপ্রিল ২০২৬



