আইপিএলের ১৬তম আসরের পর্দা উঠছে আগামী ৩১ মার্চ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৬তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩১ মার্চ থেকে।
ভারতীয় ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে প্রথম আসরে এসেই চ্যাম্পিয়ন হওয়া হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান্স। বাংলাদেশ সময় রাত আটটায় যেখানে তারা মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে।
আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে। গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি ম্যাচ হবে। এবারের আইপিএলেও গতবারের মতো দু’টি গ্রুপ রয়েছে।
গ্রুপ এ’র পাঁচটি দল হলো, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস।
গ্রুপ বি’র পাঁচ দল-চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।
এবার মোট ১২টি শহরে আইপিএলের ম্যাচ হবে। শহরগুলো হলো, আহমেদাবাদ, কলকাতা, মোহালি, লখনৌ, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি (রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম) এবং ধর্মশালা (পাঞ্জাব কিংসের দ্বিতীয় হোম)।
মোট ১৮টি ‘ডবল হেডার’ আছে। প্রতিটি দল সাতটি হোম ম্যাচ এবং সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। প্লে-অফের (প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার) সূচি এখনও ঘোষণা করা হয়নি।
আইপিএলের ১৬তম আসরে বাংলাদেশের তিনজন ক্রিকেটার দল পেয়েছেন। মোস্তাফিজকে পূর্বের ফ্র্যাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে। সাকিব আল হাসান ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে। প্রথমবার আইপিএলে দল পেয়েছেন লিটন দাস। তিনি কলকাতা নাইট রাইডার্সে খেলবেন।



