
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতা প্রদানের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। বর্তমানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে এই বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য যাচাইকরণ এবং বিল সাবমিটের কার্যক্রম চলমান রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র জানিয়েছে, আগস্ট মাসের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এখনো কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আগস্ট মাসের এমপিওসংক্রান্ত তথ্য সাবমিট করেনি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিষ্ঠানের তথ্য পাওয়া নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
সূত্রগুলো বলছে, এ কারণে চলতি সপ্তাহে আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ১৮ আগস্ট মাউশি থেকে আগস্ট মাসের বেতন বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ২১ আগস্টের মধ্যে বিল সাবমিট করতে বলা হয়েছিল।
মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানরা এমপিওসংক্রান্ত কাজে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও শিট মডিউলে লগইন করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে এমপিওর অর্থ পাঠানো হবে।
এ ক্ষেত্রে কোনো ভুল তথ্যের কারণে শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে পাঠানো না হলে কিংবা অতিরিক্ত অর্থ পাঠানো হলে এর দায় প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে বলেও মাউশির নির্দেশনায় জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আরও জানান, আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে বৈধ জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে। যেসব শিক্ষক-কর্মচারীর তথ্য এখনো ভুল রয়েছে, সঠিক তথ্য পাওয়া ও যাচাই শেষে পর্যায়ক্রমে তাদের তথ্যও বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।
ফলে ২৪ আগস্ট পর্যন্ত আগস্ট মাসের এমপিও বেতন ছাড়ের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই ও বিল সাবমিটের কাজ শেষ হওয়ার পর বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে আগস্টের বেতন পাঠানো হবে।

