সর্বশেষসারাদেশ

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড়ের দক্ষিণ পাশে নাচোল-আমনুরা সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল হাসদা উপজেলার নেজামপুর ইউনিয়নের টকটকিয়া মসনাপাড়া গ্রামের বাজুর হাসদার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দুইজন ইলেকট্রিশিয়ানের সঙ্গে সোহেলও বিদ্যুৎ সংযোগের কাজে ছিলেন। তাদের নির্দেশে তিনি বাঁশ কাটছিলেন। একপর্যায়ে বাঁশ কাটার সময় সেটি বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে সোহেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম সারওয়ার মোর্শেদ জানান, ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। যে কাজটি করা হচ্ছিল, সেটি নেসকোর কাজ ছিল। তবে ঘটনাস্থলের পাশে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টের লাইন ছিল। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কাজ হলে নিরাপদভাবে লাইন টেনে নিয়ে কাজ করা হতো।

নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ জানান, সোহেল হাসদা বাঁশ কাটার সময় সেটি বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button