
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী) ব্যক্তিগত সফরে তাঁর নিজ উপজেলা চাঁদপুরের ফরিদগঞ্জে এসেছেন। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ছালেহ শিবলী বলেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে। সব ধর্ম-বর্ণ ও মতপথের মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে।
এজন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে। প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনকি তার নিজের পরিবারও এই কার্ডের আওতায় আসবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য সরকারের আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ফরিদগঞ্জে দলের মধ্যে কিছুটা বিভেদ রয়েছে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, অচিরেই এ বিভেদ কেটে যাবে।
এজন্য সবাইকে কিছুটা সময় ও ধৈর্য ধরতে হবে। রাজনীতিতে মতভেদ ও কিছুটা বিভাজন থাকা স্বাভাবিক। তবে তা দলের ও দেশের স্বার্থের বাইরে হওয়া উচিত নয়। আপনারা দলের দুর্দিনে দলের সঙ্গে ছিলেন এবং আন্দোলন-সংগ্রাম করেছেন। সারাদিন যে যাই বলুক, দিনশেষে দলের স্বার্থে সবাই এক হয়ে কাজ করতে হবে। দেশের সার্থে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক সিনিয় যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসী মোল্লা, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানও আব্দুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

