অন্য খবর

জায়েদ-নিপুণ দ্বন্দ্ব: আবারো পেছাল শুনানি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে, হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি হবে আগামী বুধবার।

মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন।

আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করীম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। আর চিত্রনায়িকা নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

এ সময় আদালতে জায়েদ খানের আইনজীবীরা বলেন, আপিল বিভাগের স্ট্যাটাসকো থাকার পরও নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে নিয়মিত বসছেন। এর ফলে আদালত অবমাননা করেই চলছেন তিনি।

তখন আদালত বলেন, আপনারা যা বলছেন, এটা রুলের সাথে সম্পৃক্ত নয়। পরে আদালত রুল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৮ জানুয়ারি।

Related Articles

Leave a Reply

Back to top button