বাংলাদেশ

নাসিক নির্বাচন কাল, নিরাপত্তা জোরদার

রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন। ইতিমধ্যে গতকাল শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ হয়েছে সকল নির্বাচনী প্রচার প্রচারণা।

রোববারের নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। গাড়ি নিয়ে টহল দিচ্ছে র‌্যাব।

শুক্রবার রাত থেকেই নগরীর প্রবেশ পথ চাষাড়া পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন কাউকে পেলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, সিটি নির্বাচনকে ঘিরে নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহিরাগতদের নগরীতে প্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি আরও বলেন, ভোটের দিন এবং আগে ও পরে তিন স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। ভোটের দিন ১৯২টি কেন্দ্রে পাঁচ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটিতে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩ ভোটকক্ষে চলবে ভোটগ্রহণ। নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জনসহ মোট ১৮৯ প্রতিদ্বন্দ্বী রয়েছেন। পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

Related Articles

Leave a Reply

Back to top button