বাংলাদেশ

রায়হান হত্যার মূল আসামি শনাক্ত, শিগগিরই গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হান আহমদ হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (২৪ অক্টোবর) টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘শিগগিরই রায়হান আহমদ হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করা হবে।’ এছাড়া অপরাধ করে পুলিশের কোনও সদস্য পার পাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষে পুলিশ বাহিনী জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের স্লোগান ‘জনতাই পুলিশ, পুলিশ জনতা।’

আসাদুজ্জামান খাঁন করোনাকালে পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ স্বজনরা রাস্তায় ফেলে গেলেও পুলিশ তা উদ্ধার করে দাফন করেছে। করোনার মধ্যে অন্যান্য হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেলেও পুলিশ হাসপাতাল রোগীদের সেবা দিয়ে মানুষের বিশ্বস্ততা অর্জন করেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের কাজ চলছে। ইতিমধ্যে পুলিশ বাহিনীতে দুটি হেলিকপ্টার যোগ করার প্রক্রিয়া চলমান।’

দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।

Related Articles

Leave a Reply

Back to top button