বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের (বাইগাম) রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে অনিয়ম আর দুর্নীতি। অপ্রয়োজনীয় নিয়োগ, কেনাকাটায় কমিশন বাণিজ্য, ব্যক্তিগত কাজে প্রতিষ্ঠানের সম্পদের যথেচ্ছ ব্যবহার, অযাচিত ব্যয়- এমন নানা অনিয়ম-দুর্নীতিতে ডুবতে বসেছে প্রতিষ্ঠানটি। খোদ প্রতিষ্ঠানটির মহাসচিব মো. ইন্তেজার রহমানের বিরুদ্ধেই মিথ্যা তথ্যে সদস্য হওয়া, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংগঠনের সদস্য মো. সুলতান হোসেন গত বুধবার সংস্থার সভাপতির বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সংস্থার কর্মচারীদের ৭ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধে তার স্বেচ্ছাচারিতা, যথাযথ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে কর্মচারী নিয়োগ, কর্মচারীদের সাথে অসদাচরণ, সংস্থার গাড়ি তার ব্যাক্তিগত কাজে ব্যবহার, টেন্ডার ছাড়া কাজ দেওয়া ইত্যাদি অভিযোগ রয়েছে।
বাইগামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান তার প্রকৃত বয়স ও চাকরিকালীন সময়ের পদবী সংক্রান্ত বিষয়ে বাইগামের সদস্যভুক্তি ফরমে মিথ্যা তথ্য দিয়েছেন। আবেদন ফমে’র বিশেষ শর্তাবলীর ৫ নং ধারা অনুযায়ী সদস্য পদ লাভের ক্ষেত্রে মিথ্যা ও ভুল তথ্য দিলে বাইগামের সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। উপরোন্ত তিনি তার সরকারি পেনশন বইয়ে (পেনশন শনাক্তকরণ নং ২২০২০৫-৩২২) জন্ম তারিখ উল্লেখ রয়েছে ০১/০১/১৯৫৫ এবং পদবী সহ: পুলিশ সুপার দেখানো হয়েছে। অথচ বাইগামের জীবন সদস্য হওয়ার ক্ষেত্রে তার জাতীয় পরিচয় পত্র নং ২৬৯০২৪৩৮০৫১২০ জন্ম তারিখ ০১/০৫/১৯৫৬ এবং পেশা ক্রমিকে Sr.ASP of Police উল্লেখ করেছেন। বাইগামের আবেদন ফরমের বিশেষ শর্তালীর ৫ নং ধারা অনুযায়ী সদস্য পদ লাভের ক্ষেত্রে অসম্পূণ’, মিথ্যা কিংবা ভুলতথ্য প্রদান করায় বাইগামের গঠনতন্ত্র অনুযায়ী তার সদস্যপদ স্বয়ংকৃয়ভাবে বাতিল বলে গণ্য হওয়ার কথা। তার বাতিলের বিষয়টি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংস্থার সভাপতি, সমাজ কল্যাণ ও স্বাস্থ্য সেবা মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। এ ব্যাপারে সংস্থার অনেক সদস্য মহাসচিবের অপসারণ দাবি করেছেন।
এদিকে, যারা মহাসচিবের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরকে ইন্তেজার রহমান পুলিশ দিয়ে হয়রানির অপচেষ্টা চালাচ্ছেন। এদের মধ্যে সুলতান হোসেন ও নুরুজ্জামান তারা বাইগামের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে বাইগাম সভাপতি মো. সামশুল হক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুরাতন কমিটি বাদ দিয়ে নতুন কমিটি গঠন করার পর থেকে দরখাস্ত দেওয়া শুরু করেছে। একের পর এক অভিযোগ আসছে। এসব অভিযোগের ভিত্তিতে আমরা সরকারি ভাতা পাচ্ছি না বলে শিকার করেন। বর্তমান কমিটি ভেঙে দিলে তারা ( অভিযোগকারীরা) বেতন পাবেন না।
বাইগাম মহাসচিব মো. ইন্তেজার রহমান সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে তার দপ্তরে গিয়ে তথ্য যাচাই-বাছাই করার আহ্বান জানান।



