
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও পাঁচ নতুন মুখ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান।
পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বর্তমানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

কে কোন মন্ত্রণালয় পেলেন
সরকারের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার নতুন সদস্যদের মধ্যে ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী, রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী, মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
নতুন দায়িত্বে দুই মন্ত্রী
এ ছাড়া, গত ছয় মাস সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জহিরউদ্দিন স্বপনকে মন্ত্রণালয় থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, কৃষি মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়েও রদবদল হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ২১ আগস্ট ২০২৬



