
ঢাকা, ৩ জুন ২০২৬: দেশের সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট, ঠিক তখনই বিদ্যুৎ খাত থেকে এলো আরও একটি বড় ধাক্কা। পাইকারি ও গ্রাহক (খুচরা) উভয় পর্যায়ে বিদ্যুতের দাম এক লাফে অনেকটাই বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (০৩ জুন) দুপুরে বিইআরসি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ১৯.৮৫ শতাংশ এবং খুচরা বা গ্রাহক পর্যায়ে গড়ে বেড়েছে ১৬.৬৮ শতাংশ। গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজনের মাত্র দুই সপ্তাহের মাথায় এই দাম বাড়ানোর ঘোষণা এলো।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
জনজীবনে কী প্রভাব পড়বে?
এমনিতেই নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নতুন করে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ওপর সরাসরি খরচের বোঝা চাপবে।
বিদ্যুৎ বিল একলাফে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় প্রতি মাসে সাধারণ পরিবারগুলোর বাজেট ওলোট-পালোট হয়ে যাবে। শুধু বাতি বা ফ্যান নয়; পানি সরবরাহ, বহুতল ভবনের লিফট, ফ্রিজসহ প্রাত্যহিক জীবনের প্রতিটি স্তরে বিদ্যুতের ব্যবহার রয়েছে। ফলে সার্বিক জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়বে। বিদ্যুৎ বিল বৃদ্ধির অজুহাতে বাড়িওয়ালারা মেস বা বাসা ভাড়া বাড়িয়ে দিতে পারেন, যা চাকরিজীবী ও শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে।
ঝুঁকিতে যেসব খাত
পাইকারি পর্যায়ে প্রায় ২০ শতাংশ দাম বাড়ানোর প্রভাব পড়বে বহুমাত্রিক। অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টদের মতে, এর ফলে দেশের প্রধান প্রধান অর্থনৈতিক খাত গভীর ঝুঁকিতে পড়বে।
১. শিল্প উৎপাদন ও পোশাক খাত: তৈরি পোশাকসহ দেশের ভারী শিল্পকারখানাগুলোতে উৎপাদন খরচ ব্যাপক হারে বাড়বে। এতে বৈশ্বিক বাজারে বাংলাদেশী পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা কমবে এবং রপ্তানি বাণিজ্য বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।

২. কৃষি ও সেচ ব্যবস্থা: দেশের কৃষি খাতে সেচ পাম্পগুলো মূলত বিদ্যুতে চলে। সেচ খরচ বেড়ে যাওয়ার কারণে কৃষকের ধান ও অন্যান্য ফসল উৎপাদনের খরচ বৃদ্ধি পাবে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি।
৩. ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME): ক্ষুদ্র ব্যবসায়ীরা এমনিতেই নানামুখী সংকটে আছেন। বাড়তি বিদ্যুৎ বিলের চাপ সহ্য করতে না পেরে অনেক ছোট কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।
যেসব নিত্যপণ্যের দাম বাড়বে
বিদ্যুতের দাম বাড়লে তার একটি ‘চেইন রিঅ্যাকশন’ বা ধারাবাহিক প্রভাব পড়ে বাজারে। উৎপাদন ও সংরক্ষণ খরচ বাড়ার কারণে যেসব পণ্যের দাম সরাসরি বাড়তে পারে। সেচ খরচ বৃদ্ধির প্রভাব সরাসরি চাল ও অন্যান্য ফসলের খুচরা মূল্যের ওপর পড়বে।
হিমাগারগুলোতে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হয়। সংরক্ষণ খরচ বাড়লে আলু, পেঁয়াজ ও অন্যান্য পচনশীল পণ্যের দাম বাজারে আরও বাড়বে। উৎপাদনমুখী ভারী শিল্পে বিদ্যুতের ব্যবহার সবচেয়ে বেশি। ফলে আবাসন খাতের কাঁচামালের দাম আরও আকাশছোঁয়া হতে পারে।
বিগত কয়েক বছরে গ্রাহক ও পাইকারি পর্যায়ে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সরকারের নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।
এর আগে ২০২৩ সালেও পর পর তিন দফায় খুচরা ও পাইকারি পর্যায়ে দাম বাড়ানো হয়। তবে এবার নির্বাহী আদেশ নয়, বরং বিইআরসির গণশুনানির মাধ্যমে এই বড় আকারের মূল্যবৃদ্ধি করা হলো।
বাজেটের ঠিক আগে দাম বাড়ানো কি ঠিক হলো?
জাতীয় বাজেট ঘোষণার ঠিক আগমুহূর্তে বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদ ও ভোক্তা অধিকার রক্ষা সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।
‘বাজেটের আগে যেখানে কর ছাড় বা নীতি সহায়তার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে মানুষকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা করার কথা, সেখানে বিদ্যুতের মতো একটি কৌশলগত সেবার দাম বাড়ানো পুরো অর্থনীতিকে আরও বেশি অস্থির করে তুলবে।’
বিশ্লেষকদের মতে, বাজেটের আগে এই দাম বাড়ানোর ফলে সরকারের বাজেট ব্যবস্থাপনায় হয়তো ভর্তুকির চাপ কিছুটা কমবে, কিন্তু তার পুরো দায় গিয়ে পড়বে সাধারণ ভোক্তার কাঁধে। এটি বাজারে নতুন করে মূল্যস্ফীতির আগুন জ্বালিয়ে দেবে, যা বাজেট ঘোষণার পর সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।
বিদ্যুৎ খাতের অপচয়, সিস্টেম লস এবং কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের মতো পদ্ধতিগত ত্রুটিগুলো দূর না করে বারবার দাম বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানোর এই নীতি দীর্ঘমেয়াদে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও দুর্বল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ০৩ জুন ২০২৬



