
ফারহানা শারমিন: জীববিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণায় সক্ষমতা বাড়াতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে ওপেনএআই (OpenAI)। গত ১৬ এপ্রিল প্রতিষ্ঠানটি ‘জিপিটি-রোজালিন্ড’ নামে এই মডেলের ঘোষণা দেয়।
বিংশ শতাব্দীর ব্রিটিশ বিজ্ঞানী রোজালিন্ড ফ্রাঙ্কলিন-এর নামে নামকরণ করা এই মডেলটি বায়োকেমিস্ট্রি, ওষুধ আবিষ্কার (ড্রাগ ডিসকভারি) এবং ট্রান্সলেশনাল মেডিসিনসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে।
ফার্মাসিউটিক্যাল কোম্পানি, একাডেমিক প্রতিষ্ঠান এবং বায়োটেক প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও ওষুধ আবিষ্কারের গতি বাড়াতে এআই-নির্ভর প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়ছে।
একটি ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, “প্রমাণভিত্তিক তথ্য বিশ্লেষণ, নতুন ধারণা (হাইপোথেসিস) তৈরি, পরীক্ষার পরিকল্পনা এবং অন্যান্য বহু ধাপের গবেষণাকাজে সহায়তার মাধ্যমে এই মডেলটি গবেষণার প্রাথমিক ধাপকে আরও দ্রুততর করতে পারে।”
এক ব্রিফিংয়ে কোম্পানিটি জানায়, গবেষকরা এই মডেলের মাধ্যমে বিভিন্ন ডাটাবেসে অনুসন্ধান করতে পারবেন, সর্বশেষ বৈজ্ঞানিক প্রবন্ধ পড়তে পারবেন, বিভিন্ন বৈজ্ঞানিক টুল ব্যবহার করতে পারবেন এবং নতুন পরীক্ষার প্রস্তাব তৈরি করতে পারবেন। ওপেনএআইয়ের সর্বশেষ অভ্যন্তরীণ মডেলের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে।
‘জিপিটি-রোজালিন্ড’ বর্তমানে গবেষণামূলক প্রিভিউ হিসেবে ChatGPT, Codex এবং এপিআইয়ের মাধ্যমে নির্দিষ্ট যোগ্য গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ ছাড়া, কোডেক্সে একটি বিনামূল্যের লাইফ সায়েন্সেস গবেষণা প্লাগইন চালু করেছে কোম্পানিটি, যা ৫০টিরও বেশি বৈজ্ঞানিক টুল ও ডেটা সোর্সের সঙ্গে সংযুক্ত।
ওপেনএআই জানিয়েছে, তারা Amgen, Moderna এবং Thermo Fisher Scientific-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে, যাতে এই মডেলটি বাস্তব গবেষণা কার্যপ্রবাহে প্রয়োগ করা যায়।
এর আগে, প্রতিষ্ঠানটি ‘জিপিটি-৫.৪-সাইবার’ নামে তাদের সর্বশেষ মডেলের একটি সংস্করণ উন্মোচন করে, যা মূলত প্রতিরক্ষামূলক সাইবার নিরাপত্তা কাজে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি। তথ্যসূত্র : রয়টার্স
নিউজ নাউ বাংলা/ এফএস/ জেডআরসি/ ১৯ এপ্রিল ২০২৬



