সস্ত্রীক দেশ ছাড়লেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী

করোনা ভাইরাসের কারণে গত ২১ মার্চ থেকে দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ১৫ জুনের আগে চালু হচ্ছে না আন্তর্জাতিক ফ্লাইট । কিন্তু পুরো একটি বিমান ভাড়া করে স্ত্রীকে নিয়ে দেশ ছেড়েছেন বিএনপি ছেড়ে চলে যাওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।
শনিবার (৩০ মে) সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচ এম তৌহিদ উল আহসান।
তিনি জানান, গত বৃহস্পতিবার একটি বিদেশি এয়ারলাইন্স কোম্পানির চাটার্ড ফ্লাইটে (ভাড়া করা বিমান) করে মোরশেদ খানের যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি বৃহস্পতিবার না গিয়ে শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান ত্যাগ করেছে। ফ্লাইটে যাত্রী ছিলেন কেবল দুই জন (মোরশেদ খান ও তার স্ত্রী নাসরিন খান)।
এম মোরশেদ খান ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে বিএনপি ক্ষমতায় থাকাকালে ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিলেন তিনি। তিনটি জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য তিনি। সবশেষ বিএনপির ভাইস-চেয়ারম্যান ছিলেন মোরশেদ খান। গত বছরের ৫ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দলের সব ধরনের পদ-পদবী থেকে সরে দাঁড়ান।
মোরশেদ খান দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল ছাড়াও প্যাসিফিক মোটরস, আরব বাংলাদেশ ব্যাংকের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে তার বিনিয়োগ আছে। তবে ৩৮৩ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় মোরশেদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি থাকলেও তিনি আদালতের অনুমতিক্রমেই দেশ ছেড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



