বাংলাদেশ

৪০০ বছরের পুরোনো মন্দির দর্শনে সাতক্ষীরায় নরেন্দ্র মোদী

সাতক্ষীরায় যাচ্ছেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

শনিবার (২৭ মার্চ) সকাল ৮টা ৪৫ মিনিটে সফরের দ্বিতীয় দিনে হেলিকপ্টারযোগে ঢাকা ছাড়েন তিনি।

জানা গেছে, নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগরে সাড়ে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করবেন। একই সঙ্গে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করবেন।

নরেন্দ্র মোদী সাতক্ষীরা সফর শেষে সেখান থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়ায় পৌঁছার আগেই সেখানে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই ভারতের প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানাবেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে নরেন্দ্র মোদী একটি গাছের চারা রোপণ করবেন বলেও জানা গেছে। এরপর সেখান থেকে তিনি যাবেন কাশিয়ানীর ওড়াকান্দিতে। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আবার ঢাকায় ফিরে আসবেন মোদি।

এর আগে শুক্রবার (২৬ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকায় আসেন তিনি। সকাল ১০টা ৩২ মিনিটে মোদীর নেতৃত্বে ৭১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলটি ঢাকায় অবতরণ করে।

Related Articles

Leave a Reply

Back to top button