৩ দিনের সফরে ঢাকায় ভারতীয় বিমানবাহিনী প্রধান

ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে শনিবার তিনি ঢাকায় এসে পৌঁছান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন এ কথা জানায়।
এতে জানানো হয়, ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন।
ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
রাকেশ কুমারের বর্তমান সফরের প্রধান দিক হিসেবে জানানো হয়, ভারতীয় বিমানবাহিনী প্রধান যশোরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি প্যারেড-২০২১ উপলক্ষে কমিশন প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন।



