২৮ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন,এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৮ জানুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে।
সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী গণভবন থেকে আর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন।
আনোয়ারুল ইসলাম জানান, বৈঠকে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স ১৯৬১ (সংশোধন) অধ্যাদেশ ২০২০’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮’ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন, অধ্যাদেশ করে আগামী বুধ, বৃহস্পতি বা শনিবারের মধ্যে (এইচএসসি) রেজাল্ট দিয়ে দেয়া যায় কি না। যে পদ্ধতিতে তারা চিন্তা-ভাবনা করছেন, রেজাল্ট ক্যালকুলেশন করে প্রস্তুত করে রেখেছেন, কিন্তু আগের আইনের বিধান হলো, পরীক্ষা নিয়ে রেজাল্ট দিতে হবে। কিন্তু এখন যেহেতু পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না, ওনারা যে পদ্ধতিতে রেজাল্ট প্রস্তুত করে রেখেছেন, সেই পদ্ধতিতে আগামী ৭-১০ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবেন।
আর মাত্র ছয় দিন পর সংসদ বসবে, তাই মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে, অধ্যাদেশ নয়, সংশোধিত আইন আকারেই পাস করা হবে, যাতে ২৮ জানুয়ারির মধ্যে রেজাল্ট দেয়া যায়।
গত বছরের ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।



