হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় আরেক মামলা

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় আরেকটি মামলা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাতে র্যাব বাদী হয়ে মামলাটি করে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনের ৩৫, ৫৫ ও ৭৩ ধারায় মামলাটি করা হয়।
পল্লবী থানা ও র্যাব-৪ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৪ এর একজন ইন্সপেক্টর বাদী হয়ে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলাটি করেন।
এর আগে সন্ধ্যায় রাজধানীর গুলশান থানায় র্যাব বাদী হয়ে আরও দুটি মামলা করে।
শুক্রবার হেলেনাকে আদালত তুলে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে, চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র্যাব। এ সময় উদ্ধার করা হয় বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, চাকু, ওয়াকিটকিসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম।



