বাংলাদেশ

বিদেশ যেতে খালেদাকে জেলে ফিরে আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কারাগারে ফিরে আবেদন করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ‘বিরোধী দলের নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের আলোচনার সময় বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। কিন্তু একজন সাজাপ্রাপ্ত কয়েদির থেকে খালেদা জিয়া বেশি সুবিধা পাচ্ছেন। আর এটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার জন্য পাচ্ছেন।

তিনি আরো বলেন, আবেদন নতুন করে বিবেচনার কোনো সুযোগ নেই। বলেন, এই আবেদনটি ইতোমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। নিষ্পত্তিকৃত দরখাস্তের ওপর আর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিএনপির রুহিন ফারহানা বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারামতে এ সুযোগ দেওয়ার এখতিয়ার সরকারের আছে।

রুমিনের বক্তব্যের জবাবে আনিসুল হক বলেন, আমি কখনো বলিনি, ৪০১ ধারামতে খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়ার সুযোগ নেই। কিন্তু উনি বর্তমানে সাজা স্থগিতপূর্বক বাসায় আছেন, সেটা ৪০১ ধারার ভিত্তিতেই। খালেদা জিয়ার পক্ষে যে আবেদন হয়েছিল, সেখানে কোনো ধারার উল্লেখ ছিল না। সরকার খুঁজে এই ধারাটি বের করেছে।

তিনি বলেন, আবেদনটি ৪০১ ধারার আলোকেই নিষ্পত্তি হয়েছে। আর একটি আবেদন যে ধারার অধীনে নিষ্পত্তি হয়েছে, একই ধারায় বিষয়টি পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।

Related Articles

Leave a Reply

Back to top button