স্বাস্থ্যের ডিজির নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এই প্রজ্ঞাপন জারি করা হয়।
চাকরির নির্ধারিত মেয়াদ শেষে দুই বছরের চুক্তিতে ছিলেরন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
গেল মার্চে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে চিকিৎসা কার্যক্রমসহ বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দেন ডা. আজাদ। এন৯৫ মাস্কের মোড়কে বিভিন্ন হাসপাতালে সাধারণ মাস্ক সরবরাহ কেলেঙ্কারির ঘটনায়ও তিনি সমালোচনার মুখে পড়েন।
সম্প্রতি করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারিতেও স্বাস্থ্যের এই ডিজিকে জড়িয়ে আলোচনা শুরু হয়।
পরে নানা সমালোচনার মুখে গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন ডা. আজাদ।



