বাংলাদেশ

স্বল্প পরিসরে আদালত খোলা রাখা যায় : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

স্বল্প পরিসরে হলেও আদালত খোলা রাখা উচিত বলে মনে করছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার)। মানুষের মৌলিক অধিকার ও আইনি অধিকার রক্ষায় আদালতের দরজা খোলা চায় তারা।

করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে আদালত অঙ্গনও বন্ধ রয়েছে। তবে কেবল জরুরি প্রয়োজনে প্রত্যেক জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রয়েছে।

এ অবস্থায় মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় স্বল্প পরিসরে হলেও আদালত খুলতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের (ব্রাদার জজ) সঙ্গে বসে এ বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এক আলোচনায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ‘সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় আমাদের কিছু সমস্যা হচ্ছে। যেমন যারা জেলে আছেন তাদের তো সমস্যা হচ্ছে। বর্তমান সমস্যার আগে যারা গ্রেফতার হয়েছিলেন ছোটখাটো অপরাধে গ্রেফতার হয়েছিলেন তাদের মামলাগুলোর শুনানি হচ্ছে না। ম্যাজিস্ট্রেট কোর্ট যদি তাদের রিফিউজ করে তখন তাদের কোনো উপায় থাকছে না। কিন্তু সুপ্রিমকোর্ট খোলা থাকলে তাদের এই সমস্যায় পড়তে হতো না। কারণ প্রত্যেক মানুষের অধিকার আছে জামিনে মুক্ত হওয়ার চেষ্টা করা। সে অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Back to top button