বাংলাদেশ

স্ত্রী নির্যাতনকারী প্লাবনকে গ্রেফতারের দাবি বিডব্লিউজেএফে’র

সমকাল পত্রিকার সাংবাদিক সাজিদা ইসলাম পারুলকে নির্যাতনকারী স্বামী সাংবাদিক রেজাউল করিম প্লাবনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরাম-বিডব্লিউজেএফ।

শুক্রবার (১৫ মে) প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সভাপতি, মমতাজ বিলকিস ও সাধারন সম্পাদক, শারমীন রিনভী’র স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে, যৌতুক দাবি, শারীরিক নির্যাতন এবং ভ্রুণ হত্যার অভিযোগে সমকাল পত্রিকার সাংবাদিক সাজিদা ইসলাম পারুল হাতিরঝিল থানায় যে মামলা করেছেন, সেই মামলার তদন্ত দ্রুত শেষ করার আহবানও জানানো হয়।

বিডব্লিউজেএফ মনে করে, অন্যায়কারী যেই হোক তার শাস্তি পাওয়া আবশ্যক। তবেই এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এজন্য দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার প্লাবনকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

প্লাবনের বাইরে ঘুরে বেড়ানো পারুলের জীবনের জন্য হুমকিস্বরূপ বলে মনে করে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম।

এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে পারুলের পাশে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত সোমবার সাজিদা ইসলাম পারুল হাতিরঝিল থানায়, তার স্বামী রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে মামলাটি করেন।

Related Articles

Leave a Reply

Back to top button