বাংলাদেশ

সিনহা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে: সেনাপ্রধান

কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, দোষীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সেনানিবাসে রেজিমেন্টাল কালার প্যারেড শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘এটা একটা নৃশংস এবং অত্যন্ত জঘন্যতম ঘটনা। তদন্ত হচ্ছে। আমি সেনাপ্রধান হিসেবে আশা করি যে, তদন্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যারা প্রকৃত অপরাধী তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে- যেন ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা সেনাবাহিনীতে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কারও সঙ্গে না হয়।’

সেনাপ্রধান বলেন, আমরা দেখে আসছি যে, একটা ঘটনা ঘটলে কেউ না কেউ একটা অন্যায্য বিশেষ সুযোগ নিতে চায়। এবারও অনেকে চেষ্টা করেছিল। হয়তো এখনো করছে। এ ধরনের ঘটনা চলতেই থাকবে; তবে সচেতন মানুষ এগুলো বোঝে। একটা ঘটনা ঘটেছে, অবশ্যই অত্যন্ত নৃশংস, ন্যক্কারজনক ঘটনা। সেটা শুধু সেনাবাহিনীর পক্ষ থেকেই ঘৃণা জানানো হয়নি, পুলিশপ্রধানও এসেছিলেন, তারাও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সবাই এ ঘটনার জন্য মর্মাহত।

সিনহা হত্যাকাণ্ড সেনাবাহিনীও তদন্ত করছে জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীর কোনো সদস্যের অস্বাভাবিক কিছু যদি হয়, সেটা আমাদের অভ্যন্তরে তদন্ত হয়। এ ঘটনা তদন্তের নির্দেশ আমরা দিয়েছিলাম, এটা হচ্ছে।’

এর আগে সকালে সেনা সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করে বাহিনীর ছয়টি ইউনিটকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পতাকা তুলে দেন সেনাপ্রধান।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে ‘গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।

Related Articles

Leave a Reply

Back to top button