সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোরভাবে দমন করা হবে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোরভাবে দমন করা হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম এর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলো, সেই আন্তর্জাতিক ও মৌলবাদী অপশক্তি মিলে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে হত্যা করার উদ্দেশ্যই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো এবং সেকারণেই ১৯৭৫ এর পর আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠার মূল চেতনাকে বিসর্জন দিয়ে রাষ্ট্র পেছন দিকে হাঁটা শুরু করে, বলেন ড. হাছান।
সাম্প্রদায়িক অপশক্তি বিনাশ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সেই কারণেই মাঝেমধ্যে সেই অপশক্তি ফণা তোলে ছোবল তোলার জন্য। কিন্তু যেই সম্মিলিত শক্তিতে দেশ স্বাধীন হয়েছে, সেই শক্তির কাছে তারা সবসময় পরাজিত হয়েছে, ভবিষ্যতেও হবে।’
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘সময়ে সময়ে গুজব রটিয়ে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করেছে, ভবিষ্যতেও করা হবে।’
এ সময় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল সি আর দত্তের কথা স্মরণ করে হাছান মাহমুদ বলেন, দেশপ্রেমিক, সাহসী, সৎ, অসাম্প্রদায়িক, নিরহংকার এবং সবাইকে আপন করে নেয়ার আশ্চর্য ক্ষমতার অধিকারী চিত্ত রঞ্জনের জীবন থেকে অনেক শেখার রয়েছে।
এর আগে, বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সংঘরাজ ভিক্ষু সমিতি ও বৌদ্ধ সমিতির সভাপতি এবং উপজেলার কেন্দ্রিয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের প্রয়াত অধ্যক্ষ বিমলজ্যোতি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবিরকে একইসাথে বৌদ্ধ ধর্মের ভিক্ষু ও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবধর্মের মানুষের প্রিয়জন বলে বর্ণনা করে মন্ত্রী বলেন, জাতির পিতার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় গড়া বাংলাদেশে এখনও একটি সাম্প্রদায়িক গোষ্ঠি ফণা তুলতে চায়। কিন্তু আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সম্মিলিত শক্তির কাছে তারা অতীতে যেমন পরাভূত হয়েছে তেমনি বর্তমান এবং ভবিষ্যতেও পরাভূত হবে বলে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।



