বাংলাদেশ

সাংবাদিক সেলিমের ইন্তেকাল: পররাষ্ট্রমন্ত্রীর শোক

সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তর-পূর্ব পত্রিকার প্রধান সম্পাদক এবং বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম আর নেই। রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘আজিজ আহমদ সেলিম ছিলেন অত্যন্ত সৎ ও প্রগতিশীল চেতনার অধিকারী। তিনি ছিলেন সবার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে সিলেটের জনগণ একজন দক্ষ সাংবাদিককে হারালো।’ পররাষ্ট্রমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

গত ৮ অক্টোবর থেকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজিজ আহমদ সেলিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) বাদ জোহর হযরত শাহজালাল (রা.) দরগাহ জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে দরগাহ সংলগ্ন কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা তিনি। তার মৃত্যুতে সিলেটের গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Back to top button