সঠিক সময়ে ভ্যাকসিন পেতে ব্যবস্থা নিচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, ‘সঠিক সময়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে সঠিক সময়ে আমরা ভ্যাকসিন পাই সেই কার্যক্রম আমরা নিয়েছি।’
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২০২০’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কোভিড-১৯ থেকে বিশ্ববাসীর মুক্তির আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই, কোভিড থেকে বাংলাদেশসহ গোটা বিশ্ব মুক্তি পাবে। সেজন্য ভ্যাকসিনের যে প্রয়োজনীয়তা রয়েছে, আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি।’
করোনা মোকাবিলায় তার মন্ত্রণালয়ের নানা তৎপরতা ও পদক্ষেপের কথা তুলে ধরে ডা. জাহিদ মালেক বলেন, ‘করোনায় আমরা অন্যান্য কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সকল কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যাচ্ছি। গত ৭ মাস আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দিনরাত কাজ করছে।’
তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে শুরু করে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত সকল ব্যক্তিরা কাজ করে গেছেন। ফলে কোভিড পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে। আমাদের দেশে মৃত্যুর হার অন্য দেশের তুলনায় কম। সংক্রমণ হারও ১০/১১ তে নেমে এসেছে।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



