ভারত ও চীনের কোর কমান্ডার স্তরের বৈঠক শনিবার

শনিবার কোর কমান্ডার স্তরের বৈঠক বসছে ভারত ও চীনের মধ্যে। লাদাখের চুসুলে এই বৈঠক হবে। আনন্দবাজারে সম্পাদকীয়তে ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যুদ্ধ বিশারদ কর্নেল সৌমিত্র রায় এ তথ্য জানান।
সৌমিত্র রায় বলেন, লেহ জেলার মধ্যে পড়ে চুসুল। অবস্থান প্যাংগং-এর দক্ষিণ দিকে এবং একেবারে এলএসি-র গায়ে। যে বৈঠক সেখানে হবে শনিবার, তা কিন্তু ভারত-চীনের মধ্যে বিরল। সীমান্ত বিরোধে বার বার স্থানীয় স্তরের কর্মকর্তাদের মধ্যেই বৈঠক হয়। বড় সংঘাতের ক্ষেত্রে খুব বেশি হলে ডিভিশনাল কমান্ডার অর্থাৎ মেজর জেনারেল র্যাংকের কর্মকর্তারা বৈঠকে বসেন। এই প্রথম কোর কমান্ডার স্তরের কর্মকর্তারা বৈঠকে বসছেন। অর্থাৎ ট্যাকটিক্যাল লেভেল মিটিং নয়, তার চেয়ে অনেক বড় স্তরের মিটিংয়ে বসছে দু’দেশের সামরিক বাহিনী।
তিনি আরও বলেন, এই বৈঠকের আয়োজন বুঝিয়ে দিচ্ছে, এলএসি-তে কোনো পক্ষই এখন একটা পুরোদস্তুর যুদ্ধ চায় না। চীন হয়তো এ বার বড়সড় সংঘাতই চেয়েছিল। তার কারণ কী কী, সেসব আগেও ব্যাখ্যা করেছি। কিন্তু চালটা বোধহয় উল্টো ফল দিয়েছে। তাই পরিকল্পনা বদলাতে হচ্ছে চীনকে।
তিনি বলছেন, এমনিতেই করোনা সংক্রমণের আবহে বিশ্বের বড় বড় শক্তি চীনকে সংশয়ের চোখে দেখতে শুরু করেছে। আমেরিকার সঙ্গে চলতে থাকা শুল্কযুদ্ধ ঘিরেও আন্তর্জাতিক মহলের একটা প্রভাবশালী অংশ চীনের বিরুদ্ধে। সেসবের মধ্যেই ভারতের সঙ্গে নিজেদের সীমান্ত বিবাদকে চীন বড়সড় উদ্বেগের জায়গায় নিয়ে যাওয়ায় কূটনৈতিক স্তরে চীনবিরোধী আবহ আরও গাঢ় হয়েছে।
সৌমিত্র রায় বলেন, আবার বলছি, চীন একেবারেই বিশ্বাসযোগ্য নয়। চীনের আচরণে ধারাবাহিকতা খুব কম। কোর কমান্ডার স্তরের বৈঠকের প্রস্তুতি চলছে। কূটনৈতিক স্তরেও হয়তো কথাবার্তা হতে পারে এর পরে। কিন্তু এসব আলোচনার প্রক্রিয়া চলার মধ্যেই কোনো সেক্টরে চমকে দিয়ে চীন হানাদারি চালাতে পারে। ভারতীয় এলাকায় ঢুকে শিবির তৈরির চেষ্টা করতে পারে। তাই ভারতকে কিন্তু সেসবের জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি এও বলেন, যত দূর খবর পাচ্ছি, সেসব প্রস্তুতিও নিয়ে ফেলেছে ভারতীয় সেনা। এলএসি-তে যে পরিমাণ বাহিনী ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে, যে পরিমাণ অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে, তা চীনের চেয়ে বেশি হতে পারে, কম নয়। প্রয়োজন হলে দৌলত বেগ ওল্ডির বিমানঘাঁটিতে থাকা সি-১৩০-জে সুপার হারকিউলিসের মতো বিরাট সামরিক বিমান যে যখন তখন নামতে পারে, তা-ও সবাইকে দেখিয়ে দিয়েছে ভারত।



