ফলোআপবাংলাদেশ

শিক্ষক হত্যা: ৫ দিনের রিমান্ডে জিতু

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল আহসান জিতুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত-২ এর বিচারক রাজীব হাসান বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে আসামিকে রিমান্ডে পাঠান। কোর্ট পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

এসআই এমদাদ বলেন, বুধবার সন্ধ্যায় শিক্ষক হত্যা মামলার প্রধান আসামি জিতুকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে বৃহস্পতিবার র‌্যাব আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী থেকে একই দিন প্রধান আসামির বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যা মামলায় তাকেও ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

জিতুকে গ্রেপ্তারের বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার ব্রিফিংয়ে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, হিরোইজম দেখাতে গিয়ে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করেন জিতু।

উল্লেখ্য, গত ২৫ জুন স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু। পরে আহতাবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুন) ভোরে মৃত্যু হয় শিক্ষক উৎপল কুমারের।

এ ঘটনায় নিহত শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় ওই ছাত্রের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

নিহত শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button