শাল্লায় সাম্প্রদায়িক হামলায় জড়িতদের রক্ষা নেই: র্যাব ডিজি

র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িতদের কোনও ছাড় দেয়া হবে না।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ১১টার দিকে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িঘরে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে, তাদের অতিদ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে, যাতে আগামীতে এমন ঘটনা আর না ঘটে।
তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আমাদের যখন ঘায়েল করতে পারেনি, তখন এখানকার উগ্রবাদীরা দীর্ঘদিনের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে পারবে না। বাংলাদেশ অপরাধ দমনে বলিষ্ঠ ভূমিকা রেখে বিশ্বদরবারে সুনাম অর্জন করেছে, সেভাবেই অচিরেই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে।
তিনি আরও বলেন, এই দেশ সবার। এটা কোনও শুধু মুসলমানদের একার দেশ না। সব ধর্মের লোকজনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। এখানে সবার অধিকার আছে। কেউ যদি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তা সহ্য হবে না।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বুধবার সকালে কাশিপুর, নাচনী, চণ্ডিপুরসহ কয়েকটি মুসরিম অধ্যুষিত গ্রামের হেফাজত নেতা মামুনুল হকের কয়েক হাজার অনুসারী দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে নোয়াগাঁও গ্রামে অতর্কিত হামলা চালায়। হাজারো মানুষের আক্রমণে গ্রাম ছেড়ে আত্মগোপনে যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। এই সুযোগে হেফাজত নেতার অনুসারীরা গ্রামে প্রবেশ করে, ৬০-৭০টি বাড়িঘর ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করে ও বিভিন্ন বাড়িতে লটপাট করে।
খবর পেয়ে শাল্লা থানা পুলিশসহ ও দিরাই থেকে বিপুর সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত সোমবার দিরাই উপজেলায় হেফাজতে ইসলাম আয়োজিত সম্মেলন যান হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। সম্মেলনে মামুনুল হকের দেয়া বক্তব্যের সমালোচনা করে স্থানীয় এক হিন্দু যুবক ফেসবুকে একটি পোস্ট দেন বলে পুলিশের ভাষ্য।
শাল্লা থানা ওসি নাজমুল হক বলেন, ওই ঘটনাকে ধর্মীয় উসকানি আখ্যায়িত করে ওই এলাকার মামুনুল হকের অনুসারীরা মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, সেই রাতেই যুবককে আটক করে পুলিশ।



