গ্যাটকো মামলায় খালেদা জিয়ার চার্জ শুনানি আজ

গ্যাটকো দুর্নীতি মামলায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৭ জনের শুনানির জন্য আজ (২৬ জানুয়ারি) দিন ধার্য রয়েছে।
গত ২২ ডিসেম্বর ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম বেগম জিয়ার অসুস্থতায় আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ধার্য করেন।
এর আগেও অসুস্থতার কারণে বেগম জিয়া আদালতে হাজির হতে না পারায় বেশ কয়েক দফা শুনানি মুলতবি করা হয়।
২০১৬ সালের ৫ এপ্রিল এ মামলায় আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন। মামলার পরদিনই খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়।
২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা।
আলোচিত এ মামলার ২৪ আসামির মধ্যে এরইমধ্যে ৭ জন মারা গেছেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী এম শামছুল ইসলাম, মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন।



