লড়াই করে হারল বাংলাদেশ

প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ওয়ানডেতেও অধরা রইলো জয়।
মঙ্গলবার (২৩ মার্চ) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে মুখোমুখি হয় দু’দল। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক টম ল্যাথাম।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে বাংলাদেশ। জয়ের জন্য লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
যদিও শুরুতেই নিউজিল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। দলীয় ২৮ রানে নিজের হাতে ক্যাচ বানিয়ে মার্টিন গাপটিলকে ফেরান বাঁহাতি এই পেসার। আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা গাপটিল ফেরেন ২৪ বলে ২০ রান করে। মুস্তাফিজের পর নিউজিল্যান্ড শিবিরে আঘাত হেনেছেন শেখ মেহেদী হাসান। প্রথম ম্যাচে উইকেট না পেলেও এদিন ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নিয়েছেন তিনি।
১৩ রান করা হেনরি নিকোলসকেও ফেরান মেহেদী। মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর দলের প্রতিরোধ গড়েন ডেভন কনওয়ে ও টম লাথাম। তাঁদের দুজনের শতরানের জুটিতে বেশ ভালোভাবেই এগোচ্ছিলো নিউজিল্যান্ড। তবে তাসকিনের বলে তামিমের দুর্দান্ত এক থ্রোতে ভাঙে তাঁদের ১১৩ রানের জুটি। সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন কনওয়ে।
কিন্তু এরপর তাসকিন আহমেদের বলে জিমি নিশামের হাতের ক্যাচ ছেড়ে দেন মুশফিকুর রহীম। পরে টম লাথামের ফিরতি ক্যাচ তালুবন্দী করতে পারেননি শেখ মেহেদি হাসান। এ দুজনকে সুযোগ দিয়েই ম্যাচ হাতছাড়া করে ফেলে বাংলাদেশ।
জীবন পেয়ে অধিনায়কোচিত ইনিংস খেলে দেখিয়েছেন বাঁহাতি টম লাথাম। শেষ পর্যন্ত ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৫ উইকেটের সহজ জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন কিউই অধিনায়ক।
তামিম ৮৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। আন্তর্জাতিক ওয়ানডেতে তামিমের এটি পঞ্চাশতম হাফ সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েছেন এই বাঁহাতি ওপেনার। ব্যক্তিগত ৭৮ রানে রান আউট হয়েছেন তামিম। এর ফলে ১১ চারে সাজানো এই ইনিংসের সমাপ্তি হয় ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে।
বাকি সময়টায় বাংলাদেশের ব্যাটিংয়ের হাইলাইটস হয়ে থেকেছেন মিঠুন। চার ছক্কার ফুলঝুরিতে শেষ পর্যন্ত তিনি ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।



