বাংলাদেশ

রোজার আগেই পাপুলের আসনে ভোট

নির্বাচন কমিশনার কবিতা খানম জানিয়েছেন, লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনে রোজার আগেই ভোটগ্রহণ করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন কবিতা খানম।

ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের পদ বাতিল করা হয়। ওই আসন শূন্য ঘোষণা করে সোমবার গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

গেজেটে বলা হয়, নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ বিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য পদে থাকান যোগ্য নন। রায় ঘোষণার দিন গত ২৮ জানুয়ারি থেকে ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। আজ এ সংক্রান্ত চিঠি পেয়েছি। ওই আসনে নির্বাচনের বিষয়ে শিগগিরই বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, সামনে যেহেতু রোজা আছে। রোজা অবশ্যই বিবেচনায় নেয়া হবে। রোজার সময় সাধারণত কোনও নির্বাচন দেয়া হয় না। তবে রোজার পর নির্বাচন করতে হলে যদি ৯০ দিনের সময়সীমা পার হয়ে যায়, সেক্ষেত্রে রোজার আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button