বিশ্ব

রাশিয়ায় ‍যুদ্ধবিরোধী বিক্ষোভ, দেড় হাজারেরও বেশি আটক

ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে যুদ্ধবিরোধী রাশিয়ানরা। খবর: বিসির।

রাশিয়ার মস্কো, সেন্ট পিটার্সবার্গ, ইয়েকাটেরিনবার্গসহ ৫৩টি শহরে শত শত মানুষ সমবেত হয়ে ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ স্লোগান দিয়েছেন শান্তিকামী মানুষরা।

রুশ সংস্থা ওভিডি ইনফো মনিটর জানিয়েছে, পুলিশ অন্তত ১ হাজার ৬৬৭ জন বিক্ষোভকারীকে আটক করেছে। এর মধ্যে শুধু মস্কো থেকেই ৬০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

রাশিয়া ছাড়াও বিশ্বের অনেক শহরে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টোকিও থেকে তেল আবিব, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশের রুশ দূতাবাসের সামনে এবং জনসমাগমস্থলে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজার হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের রাজধানীতে কয়েক ডজন বিক্ষোভকারীকে ইউক্রেনের পতাকা নেড়ে ‘রুশ আগ্রাসন বন্ধ করো’ স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া নিউইয়র্ক সিটির ম্যানহাটনের টাইমস স্কয়ারে কয়েক শ বিক্ষোভকারীকে বিশাল একটি পতাকা নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।

লন্ডনেও বিক্ষোভ প্রদর্শন করেছেন ব্রিটিশ নাগরিকেরা। ফ্রান্সের রাজধানী প্যারিসে এমনকি স্পেনের রাজধানী মাদ্রিদেও। সেখানে শত শত বিক্ষোভকারীর সঙ্গে যোগ দিয়েছেন অস্কার বিজয়ী স্প্যানিশ অভিনেতা জাভিয়ের বারডেম।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন টানা কয়েকদিনের উত্তেজনার পর বৃহস্পতিবার সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে লড়াই অব্যাহত রয়েছে রুশ সেনা ও ইউক্রেন সেনাবাহিনীর মধ্যে।

Related Articles

Leave a Reply

Back to top button