স্পোর্টেইনমেন্ট

রাতে লন্ডন যাচ্ছেন সাইফউদ্দিন

জাতীয় দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের কোমরের ইনজুরির কারণে দুবাই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোমরের হাড়ে চিড় ধরার পরে ঘরোয়া কোনো ক্রিকেটেও খেলা হয়নি তার। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও নেই ডানহাতি এ পেস বোলিং অলরাউন্ডার।

চোটে পড়ার পর দেশে চিকিৎসা হয়েছে। তাতে কোনো ফলাফল না আসায় এবার ইংল্যান্ডে যাচ্ছেন সাইফউদ্দিন। বৃহস্পতিবার রাত ১০টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে বিমানে চড়বেন তিনি। আজ দুপুরে সাইফউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফউদ্দিন বলেন, ‘আমি করোনার পরীক্ষা করিয়েছি। নেগেটিভ ফল এলে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আমি লন্ডন যাচ্ছি চিকিৎসার কারণে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার রাত ১০টায় ফ্লাইট।’

লন্ডনে এখন সাইফউদ্দিনের অপেক্ষায় আছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। কদিন আগেই লন্ডনের ফর্টিয়াস ক্লিনিকে ফাস্ট বোলার হাসান মাহমুদকে দেখানো হয়েছিল চিকিৎসক ড্যামিয়েন ফাইকে। সাইফউদ্দিনকেও দেখবেন একই চিকিৎসক।

Related Articles

Leave a Reply

Back to top button