রনির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থার বেশ উন্নতি হচ্ছে। তিনি কথা বলতে পারছেন। গলার স্বরও ঠিক হয়ে আসছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রনিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে দেওয়া হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালি পুড়ে গেছে। গত আট দিন পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন আরো জানান, রনির অবস্থার বেশ উন্নতি হচ্ছে। তিনি কথা বলতে পারছেন। গলার স্বরও ঠিক হয়ে আসছে। স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করছেন।
চিকিৎসক আরও জানান, শনিবার (২৪ সেপ্টেম্বর) আমরা রনিকে ড্রেসিং করেছি। দুপুর ২টায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে তাকে একটু আলাদা করে রাখা হয়েছে। পরিবার ছাড়া কোনো ভিজিটরকে যেতে দেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক
অনুষ্ঠানে বেলুন ওড়ানোর কথা থাকলেও সেগুলা না ওড়ার করণে, মঞ্চের পেকোনে সব একসাথে রাখা হয়। কিছু সময় পর সবগুলো বেলুনই বিস্ফোরিত হয়। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। বাকি চারজন হলেন জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।



