
➤ রাজধানীতে একের পর এক তরুণীকে ফাঁদে ফেলে নির্যাতন ও ব্ল্যাকমেইল করা ‘সিরিয়াল রেপিস্ট’ রাশেদুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টানা দুই দিনের চেষ্টার পর রিকশাচালকের ছদ্মবেশে সোমবার (১৩ এপ্রিল) রাতে দনিয়া কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত রাশেদুলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পুরান কামারগাঁও এলাকায়। বর্তমানে সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিল।
➤ ২৫ বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার
যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, অভিযুক্ত রাশেদুল মিরপুর এলাকার ১৮ থেকে ২০ বছর বয়সি তরুণীদের টার্গেট করত। সে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেইক আইডি ওপেন করে এবং মেয়ে কন্ঠে কথা বলে একজন ভিকটিমের কাছ থেকে কৌশলে তার মোবাইলটি নিজের নিয়ন্ত্রণে নেয়।
এরপর ঐ ফোনে লগইন করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সিম ব্যবহার করে নারী কণ্ঠে কথা বলে ভিকটিমের বন্ধু তালিকায় থাকা কতিপয় স্কুল ও কলেজের ছাত্রীদের টার্গেট করত।
নারী কণ্ঠে কথা বলে গভীর বন্ধুত্ব গড়ে তোলার পর উপহার আদান-প্রদানের কথা বলে ভিকটিমদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলায় নিয়ে আসত। সেখানে ভিকটিমদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ এবং সেই নগ্নদৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখত।
➤ ➤ হাদি হত্যার বিচার কি তবে সাগর-রুনি মামলার পথেই?
পরবর্তীতে ভিকটিমদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নিত। ধারণকৃত নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বা পর্ন সাইটে আপলোড করার হুমকি দিয়ে ভিকটিমদের পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করত এবং নিয়মিত টাকা আদায় করত।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গত ২০ মার্চ দুপুরে এক মেয়ে ভিকটিমকে ফ্যামিলি মিট-আপের কথা বলে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় রাব্বি। সেখানে পৌঁছানো মাত্রই তাকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন করে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই নগ্ন ভিডিও ডার্ক পর্ন সাইট ও টেলিগ্রামে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে শারীরিক সম্পর্কের জন্য নিয়মিত চাপ দিতে থাকে।
পরবর্তীতে রাব্বি প্রথম ভিকটিমের মোবাইল ব্যবহার করে তার ফ্রেন্ড লিস্টে থাকা অপর এক ভিকটিমকে টার্গেট করে। গত ৬ এপ্রিল পোশাক ডেলিভারি দেওয়ার কথা বলে দ্বিতীয় ভিকটিমকে যাত্রাবাড়ীর গোয়ালবাড়ি মোড় সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় ডেকে নেয়। সেখানে তাকে দুই ঘণ্টা আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং তার মোবাইল ও নগদ টাকা লুটে নেওয়া হয়।
এ ছাড়া গত ৯ এপ্রিল সন্ধ্যায় অন্য আরেক ভিকটিমকে শ্লীলতাহানির চেষ্টা করে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের মোবাইল ফোন, নগদ অর্থ এবং স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ মার্চ এসব ঘটনার প্রথম অভিযোগ পাওয়া যায় এবং সবশেষ ৯ এপ্রিল পর্যন্ত মোট ১০টি অভিযোগ জমা পড়েছে। এ ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে এবং চারটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
➤➤ মার্চে সড়ক-মহাসড়কে ৫৩২ প্রাণহানি
ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, অভিযুক্তের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তার কাছ থেকে আরও তথ্য পেতে রিমান্ড আবেদন করা হবে। মিরপুর মডেল থানায় এ ধরনের আরও একাধিক জিডি রয়েছে, যেগুলো তদন্তাধীন।
নিউজ নাউ বাংলা/ জেডআরসি/ ১৫ এপ্রিল ২০২৬



