যুক্তরাষ্ট্রে গভর্নরকে অপহরণের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৬

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
‘উলভারিন ওয়াচম্যান’ নামে একটি দলের ৬ সদস্য মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে।গ্রেফতারকৃতরা হলেন- অ্যাডাম ফক্স, ব্যারি ক্রফট, কালেব ফ্র্যাঙ্কস, ড্যানিয়েল হ্যারিস, ব্র্যান্ডন ক্যাসেরটা ও টে গারবিন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে অপহরণের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছে এফবিআই।
করোনা মহামারিতে লকডাউন চলাচালে বেশ কড়াকড়ি আরোপ করেন মিশিগানের গভর্নর। এ কারণে লকডাউনবিরোধী অনেক মিছিলে তাকে জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করা হয়।
অভিযুক্ত ওই শ্বেতাঙ্গ দলটি বিশ্বাস করে, বেশ কিছু অঙ্গরাজ্যের গভর্নর মার্কিন সংবিধানের অমর্যাদা করছেন। তাই উগ্রবাদী এ দলটি মিশিগানের গভর্নরকে অপহরণের ছক কষছিল।



