রিজেন্টের তথ্য দিতে আবারো দুদকে হাজিরা স্বাস্থ্যের সাবেক ডিজি

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে, দ্বিতীয় বারের মতো দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বাধীন একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
গত ২১ জুলাই স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের সমালোচনার মধ্যে পদত্যাগ করেন আবুল কালাম আজাদ। এরপর গত ৬ আগস্ট মাস্ক-পিপিইসহ করোনা স্বাস্থ্য সামগ্রী ক্রয়ে দুর্নীতি এবং রিজেন্ট হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে তার বক্তব্য নেওয়ার জন্য ১২ ও ১৩ আগস্ট তাকে দুদকে হাজির হতে বলা হয়।
বুধবার (১২ আগস্ট) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, আমি ২০১৬ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আমি লক্ষ্য করছিলাম, আমাকে নিয়ে অপপ্রচারের অপচেষ্টা শুরু হয়েছে। পদ আঁকড়ে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়। তাই বিবেক তাড়িত হয়ে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করি।



