বাংলাদেশ

মুভমেন্ট পাসের জন্য ১ ঘণ্টায় সোয়া লাখ আবেদন

লকডাউনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বিশেষ অ্যাপ চালু করেছে পুলিশ। ‘মুভমেন্ট পাস’ নামের অ্যাপটি উদ্বোধনের পর প্রথম ঘণ্টাতেই আবেদন জমা পড়েছে ১ লাখ ২৫ হাজার। প্রতি মিনিটে ১৫ হাজার আবেদন জমা পড়েছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে অ্যাপটির উদ্বোধন করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, ‘আগামীকাল বুধবার থেকে সারা দেশে শুরু হওয়া লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লকডাউনে বাসা থেকে নিতান্ত প্রয়োজনে কাউকে বের হতে হলে www.movementpass.police.gov.bd এই ওয়েব ঠিকানায় ঢুকতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর ডাউনলোড করে তা প্রিন্ট নিতে হবে। প্রিন্ট কপিটিই মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হবে।

লকডাউন পালনে সবার সহযোগিতা চেয়ে আইজিপি বলেন, ‘আমরা আগামীকাল বুধবার রাস্তাঘাট এবং বাইরে বিনা প্রয়োজনে কাউকে দেখতে চাই না। আমরা চাপ প্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করব। এসব না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।’

বেনজীর আহমেদ বলেন, ‘গত বছর পুলিশ করোনা পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করেছে, এবারও করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সেভাবেই নিয়ন্ত্রণ করবে। তবে অবশ্যই অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। গত বছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এবারও গত দুদিন ধরে ঢাকা ছাড়ছেন, এগুলো ঠিক না। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ। গতকাল সোমবার বিভিন্নভাবে যারা যেখানে পৌঁছেছেন, তারা সেখানেই থাকবেন।’

পুলিশপ্রধান বলেন, ‘সীমিত কারণে বের হওয়া লাগতে পারে। তারা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোনো আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণেরা কেউ বের হবেন না।

তিনি বলেন, ‘মুভমেন্ট পাস নিতেই হবে এমন না। আমরা কাউকে বাধ্য করছি না। এখানে আইনগত কোনো বিষয় নেই।’ তবে পাস ছাড়া কেউ বের হলে তিনি পুলিশের জেরার মুখে পড়বেন বলে ইঙ্গিত দিয়েছেন আইজিপি।

প্রান্তিক মানুষের কী হবে, যাদের ইন্টারনেট ব্যবস্থা নেই, স্মার্টফোন নেই, তারা কীভাবে এই পাস সংগ্রহ করবেন—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘দেশে প্রায় সাড়ে সাত কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। যদি প্রান্তিক জনগোষ্ঠীর কেউ না পারে তাহলে প্রতিবেশীর সাহায্য নিতে পারে। তা ছাড়া আমরা তো গণমাধ্যমের কাছ থেকে প্রতিদিনের ফিডব্যাক পাব।’

Related Articles

Leave a Reply

Back to top button