ভূরাজনীতি

মিথ্যাচার-গুজব ছড়ানোই বিএনপির পবিত্র দায়িত্ব: কাদের

বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার ও গুজব ছড়ানোকেই তারা পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৭ জুন) এক ভিডিও বার্তা তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এ মিথ্যাচার ফ্রন্টলাইনের কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস। করোনার মতো বৈশ্বিক মহামারি মোকাবিলায় দেশরত্ন শেখ হাসিনা সরকারের উদ্যোগগুলো তাদের চোখে পড়ে না। ধুলো জমা, মরচে ধরা চশমা সরিয়ে সঙ্কটে মানুষের পাশে দাঁড়াতে এবং সরকারের কার্যক্রমে সহযোগিতা প্রদানে বিএনপির প্রতি আমি আবারও আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সরকার সীমাবদ্ধতা সত্ত্বেও নিরলস কাজ করে যাচ্ছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। একদিকে জীবন অন্যদিকে কর্ম। একদিকে জননিরাপত্তা অপরদিকে অর্থনীতির ভারসাম্য। একদিকে বেঁচে থাকার জন্য পরিকল্পনা, অপরদিকে দেশ-বিদেশের সাথে সংযোগ রক্ষা, জীবনের অনিবার্য প্রয়োজন।

সেতুমন্ত্রী বলেন, কিছু কিছু মতিমহল অবহেলা করছে, অসহযোগিতা করছে এবং অন্ধকারের পথ বেছে নিচ্ছে। সরকার নতুন করে সংক্রমিত এলাকা ম্যাপিংয়ের মাধ্যমে, রেড, ইয়েলো এবং গ্রিন জোন করতে যাচ্ছে। সঠিক সমন্বয়ের ওপর নির্ভর করবে কার্যকর ফল। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, টেস্টিং সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছে।

নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয়, তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে শুরুতেই কঠোরহাতে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানান ওবায়দুল কাদের।

পরিবহনমন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। অনিয়মকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনও প্রশ্রয় নেই। ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে যেমনি কঠোরভাবে শাস্তি দেয়া হয়েছে তেমনি চিকিৎসা সরঞ্জাম অনিয়মের বিরুদ্ধেও সরকার শূন্য সহিষ্ণুতা বজায় রাখবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, করোনা সংক্রমণ ও বিস্তার এখন উচ্চ মাত্রায় পৌঁছে গেছে। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবে এখনও ভিড়ে, বাজারে, কর্মস্থলে অনেকে মাস্ক পরেন না। সংক্রমণ গোপন করে চলাফেরা করছেন। এ শৈথিল্য, এই অবহেলা সর্বগ্রাসী করোনার কাছে নিজেকে এবং আমাদের আশপাশের সবাইকে নিয়ে আত্মসমর্পণের সামিল’- যোগ করেন ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button