
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে বৃহস্পতিবার দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে রয়েছে দ্বৈত কর পরিহার, বন্দিবিনিময়, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।



