করোনায় আক্রান্ত শাবনাজ হাসপাতালে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ।
শনিবার (২২ জানুয়ারি) করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে নিজ বাসাতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।
হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় সোমবার (২৪ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা নাঈম।
গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন শাবনাজ। বাসায় তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বিধায় হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয় তাকে।
নাঈম আরো বলেন, ‘আমি ও শাবনাজ দুজনই এভারকেয়ারে চিকিৎসা নিই। গতকাল সকালেও হাসপাতালে কোনো সিট পাইনি। অবশেষে সন্ধ্যায় তাকে ভর্তি করাতে পেরেছি। তবে শাবনাজের শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক। চিকিৎসক আবিদুর রহমান ও আয়াজের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা।
আশা করছি, শিগগিরই সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে শাবনাজ।



