বাংলাদেশ

মাদক মামলায় পাপিয়া দম্পতির বিচার শুরু

যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে, মাদক মামলায় চার্জ গঠন করেছেন আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে ঢাকার অতিরিক্ত অষ্টম মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালত চার্জ গঠনের আদেশ দেন।

আদালত সাক্ষ্যগ্রহণের তারিখ আগামী ১ মার্চ ধার্য করেছেন।

গত বছরের ২২ ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় র‌্যাব পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, নগদ ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা ও ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

এরপর ওই দিন রাতেই পাপিয়ার নরসিংদীর বাসায় এবং ২৩ ফেব্রুয়ারি ভোরে হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালানো হয়। এছাড়া ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে রওশনস ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব।

এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্য জব্দ করা হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি মাদক আইনে একটি ও বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button