ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিলেন স্টোকস

সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছেন বেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের কারণেই এমন সিদ্ধান্ত নিলেন ইংলিশ অলরাউন্ডার।
শুক্রবার (৩০ জুলাই) স্টোকসের বিরতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট (ইসিবি) বোর্ডকে স্টোকস জানিয়েছেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে এবং আঙুলের চোট থেকে পরিত্রাণ পেতে ক্রিকেট থেকে আপাতত জন্য সরে দাঁড়াতে চান।
এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসিবি।
বোর্ড পরিচালক অ্যাশলে জাইলস বলেছেন, আমরা বরাবরই মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিই। ক্রিকেটারসহ সবাই যাতে ভালো থাকে তা নিশ্চিত করতে সব পদক্ষেপ করে থাকি।
করোনার মতো কঠিন পরিস্থিতিতে ক্রিকেটারদের প্রস্তুত হয়ে লাগাতার খেলা যে সমস্যা তৈরি করছে সে কথা উল্লেখ করে জাইলস বলেন, পরিবারের থেকে দূরে স্বাধীনমতো ঘোরাফেরা করতে না পারা খুবই চ্যালেঞ্জিং। গেল দেড় বছরের অভিজ্ঞতা সবার উপরই প্রভাব ফেলছে। ভবিষ্যতে যাতে স্বাভাবিক ছন্দে দেশের হয়ে বেন ক্রিকেটে ফিরতে পারেন সেজন্য তিনি যতটা সময় ক্রিকেট থেকে এখন দূরে থাকতে চান, তাঁকে তা-ই দেওয়া হবে।



