মসজিদে বিস্ফোরণ ঘটনায় গ্যাসের উৎস সন্ধানে মাটি খোঁড়া হবে আজ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মাটির নিচে গ্যাসের সম্ভাব্য উৎস অনুসন্ধানে আজ মাটি খুঁড়ে তল্লাশি চালানো হবে। তদন্ত কমিটির সদস্য নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘তদন্ত কমিটির সবাই কাজ করছেন। বিদ্যুৎ, গ্যাসসহ সব কিছুই পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। যথাসময়ে প্রতিবেদন জমা দেয়া হবে। ইতোমধ্যে মসজিদের একটি এসি খুলে দেখা হয়েছে। সেখানে দেখা যায়, আগুনে এসির উপরে কভার নষ্ট হয়েছে। তবে ভিতরের সব কিছুই ঠিক আছে। এসি বিস্ফোরণ হয়নি।’
তিনি আরো বলেন, ‘গ্যাসের লাইনে লিকেজের বিষয়ে মাটি খুঁড়ে দেখা হবে মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন আছে কিনা। তাছাড়া কোথা দিয়ে গ্যাস বের হয়েছে। তবে এ কার্যক্রম সোমবার কখন শুরু হবে সেটি বলা যাচ্ছে না।’
উল্লেখ, গত শুক্রবার রাত পৌনে ৯টায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৯ জন দগ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২৬ জনের ।



